তরুণদের ‘অলস অবসর’ নিয়ে সতর্ক করলেন আইসিটি প্রতিমন্ত্রী
শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল ‘চালিকা শক্তি’ মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘অলস অবসর’ তরুণদের ইউটিউবের খারপ ভিডিওতে টেনে নিয়ে যায়।
শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় কলম ক্রিকেট একাডেমীর উদ্বোধন উপলক্ষে কলম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
‘কলম ক্রিকেট একাডেমী’র সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া এবং কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মইনুল হক চুন্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী ৭০ শতাংশ তরুণদের প্রযুক্তি প্রশিক্ষণের জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের এই প্লাটফরমের চালিকাশক্তি হচ্ছে দেশের ৭০ শতাংশ তরুণ। বর্তমানে দেশের সাড়ে চারকোটি শিক্ষার্থীকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। অপার সম্ভাবনাময় এই শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবেন মূল চালিকা শক্তি।’
বক্তব্য শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কলম ক্রিকেট একাডেমীকে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রী হস্তান্তর করেন এবং শীতার্ত মানুষের মাঝে একহাজার দুইশ’ কম্বল বিতরণ করেন।